Bangladeshi News
লাক্স-চ্যানেল আই সেরা সুন্দরী হলেন মেহজাবীন
লাক্স-চ্যানেল আই সুপার স্টার ২০০৯ হলেন মেহজাবীন চৌধুরী। আকাশ ছোঁয়ার স্বপ্নে সবাইকে পেছনে ফেলে টান টান উত্তেজনা, আবেগ আর উত্কণ্ঠার লড়াইয়ে ২০০৯-এর লাক্স-চ্যানেল আই সুপার স্টার হলেন তিনি। বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত স্বপ্ন, আকাশ ছোঁয়া স্লোগানে আয়োজিত ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৯’ প্রতিযোগিতায় দ্বিতীয় ও তৃতীয় হলেন যথাক্রমে মউমিতা খান ইষানা, সাদিকা পারভিন স্বর্ণা।প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন সৈয়দ শামসুল হক, নাট্যব্যক্তিত্ব সুবর্ণা মুস্তাফা ও আফসানা মিমি।
তিন মাস আগে শুরু হওয়া এ প্রতিযোগিতায় সারা দেশের প্রায় ১০ হাজার প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন। তিন মাস আগে আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে যে যাত্রা শুরু হয়েছিল, আজ সন্ধ্যায় তারকাখচিত উজ্জ্বলতা এবং দীপ্তিময় আভা নিয়ে সেই স্বপ্নপূরণের উদ্দেশ্যেই উত্সবে মেতে উঠেছিল সেরা পাঁচ প্রতিযোগী। তাঁদের মধ্যে ছিলেন মউমিতা খান ইষানা, সিফাত-ই-তাহসিন, মেহজাবীন চৌধুরী, নাজিয়া হক অর্ষা ও সাদিকা পারভিন স্বর্ণা।
তাঁদের ভেতর থেকে নির্বাচিত সেরা সুন্দরী মেহজাবীন চৌধুরী পুরস্কার হিসেবে পেয়েছেন একটি ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে নির্মিতব্য চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ এবং একটি নতুন গাড়ি। গতবারের বিজয়ী ইসরাত জাহান চৈতী এবারের বিজয়ীদের মাথায় মুকুট এবং বিজয়ী তিনজনকে স্যাশ পরিয়ে দেন।
Source: Prothom-alo